`নেক্সাস ৭' ট্যাবলেট আনছে গুগল (ভিডিও)
প্রথমবারের মত বাজারে নিজস্ব ট্যাবলেট আনার ঘোষণা দিল গুগল। `নেক্সাস ৭' নামের এই ট্যাবলেটটির নির্মাতা তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। নতুন এই ট্যাবলেটটির সঙ্গে অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ `জেলি বিন'ও উন্মুক্ত করছে গুগল। ২৭ জুন যুক্তরাষ্ট্রের সানফর্্যান্সিসকোতে গুগল আই/ও সম্মেলনে এই ট্যাবলেটটির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এক খবরে বিবিসি জানিয়েছে, ৮ গিগাবাইট তথ্য ধারণ ক্ষমতার ৭ ইঞ্চি মাপের নেক্সাস ৭ বিক্রি করা হবে ১৯৯ ডলারে। নেক্সাস ৭ আন্তর্জাতিক বাজারে আসবে এ বছরের জুলাই মাস থেকে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, বাজারে একই দামে আমাজনের তৈরি কিন্ডল ফায়ার ট্যাবলেটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে নেক্সাস ৭। নেক্সাস ট্যাবলেটে রয়েছে কোয়াড কোর সিপিইউ এবং ১২ কোরের জিপিইউ, যা দ্রুত গতিতে ট্যাবলেটের কাজ করবে ও উন্নত ছবি দেখাবে। ডিভাইসটিতে গুগল ক্রোম ব্রাউজার ডিফল্ট হিসেবে থাকবে।